কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের প্রতিনিধি ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গেল দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ছেলে ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময় তাদের মধ্যে হাতাহা‌তি হয়। এঘটনার জেরে আজ ভোররাতে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফিরোজ আহমেদ। এমন সময় প্রতিবেশী মিলনসহ আরও ৪-৫ জন হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

এসময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর তার উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের মিরপুর উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। এঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

কু‌ষ্টিয়া‌ জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক মেডিকেল অফিসার (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, ফিরোজ মাথায় গুরুত্বর আঘাত পে‌য়ে‌ছেন। তাছাড়া পা‌য়ে আঘা‌তের চিহৃ র‌য়ে‌ছে। তি‌নি এখ‌নো আশঙ্কামুক্ত নন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত