৭ দিন পর বন্ধ হলো কাপ্তাই হ্রদের জলকপাট

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম

কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে সাত দিন ধরে খোলা থাকার পর আজ মঙ্গলবার সকালে বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। গত ৫ আগস্ট রাত ১২টায় হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় প্রথমে ৬ ইঞ্চি করে গেইট খোলা হয়। পরবর্তীতে পানির স্তর বাড়তে থাকায় ধাপে ধাপে গেইটের পরিমাণ বাড়ানো হয়।

গত ৭ আগস্ট সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ সাড়ে ৩ ফুট উচ্চতায় গেইট খোলা হয়েছিল, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছিল। তবে বর্তমানে বৃষ্টিপাত কমে যাওয়ায় হ্রদের পানির উচ্চতা কমতে শুরু করেছে। এ কারণে আজ সকাল ৮টার দিকে সব গেইট বন্ধ করা হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গেইট বন্ধ থাকলেও বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে, যা দিয়ে ২২০ থেকে ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে যাচ্ছে।

আজ সকাল ৮টায় হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৭.০৫ মিটার (এমএসএল), যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ মিটার।

কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, বৃষ্টি কমে যাওয়ায় পানির স্তর কমছে, তাই গেইট বন্ধ রাখা হয়েছে। তবে ভবিষ্যতে পানির পরিমাণ বাড়লে আবার গেইট খোলা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত