আবারও মোশাররফের সঙ্গে সাফা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০১:২৩ পিএম

লম্বা বিরতির পর ছোটপর্দার দর্শকপ্রিয় মডেল অভিনেত্রী সাফা কবির আবারও সিনিয়র অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন। সম্প্রতি তিনি শুটিং শেষ করলেন ‘পাগলু’ নামের একটি নাটকের। এতে বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে এ নাটক। এটি পরিচালনা করেছেন সালমান রহমান খান। নির্মাতা জানান, শুটিং শেষ হয়েছে, এখন নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে। শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মুক্তি পাবে। নাটকে হাস্যরসের মাধ্যমে এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। 

নাটকে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটি দারুণ। এটি কমেডি ধাঁচের একটি গল্প, এর মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এ নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’ 

নির্মাতা বলেন, ‘দর্শক যে মোশাররফ করিমকে দেখতে পছন্দ করেন, এ নাটকে সেই চেনা অভিনেতাকে ফিরিয়ে এনেছি। সাফা কবিরও অনেকদিন পর তার সঙ্গে কাজ করছেন। তাদের জুটি নিয়েও ভালোলাগার জায়গা আছে। আশা করছি দর্শকের নাটকটি ভালো লাগবে।’ 

সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত