দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকায় অবৈধ যানবাহন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
মঙ্গলবার সকালে মহাসড়কের গৌরীপুর এলাকায় হাইওয়ে পুলিশ ও মিলিটারি পুলিশের যৌথ টিম যানবাহন নিয়ন্ত্রণ ও বিশেষ চেকিং কার্যক্রম পরিচালনা করে।
যানজট কমানো, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধের লক্ষ্যে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও যৌথ বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন লঙ্ঘনের সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী জানান, গৌরীপুর বাসস্ট্যান্ডটি বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল। মহাসড়কে অযথা গাড়ির ওঠা-নামা এবং সড়কের মাঝখানে যাত্রী উঠানামা বন্ধ করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি, কাগজপত্র না থাকা গাড়ি, লাইসেন্সবিহীন চালক এবং হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দাউদকান্দির গৌরীপুর এলাকায় হাইওয়ে পুলিশ ও ৩৩ পদাতিক ডিভিশনের মিলিটারি পুলিশের যৌথ টিম যানবাহন নিয়ন্ত্রণ এবং বিশেষ চেকিং কার্যক্রম চালাচ্ছে। মহাসড়কে যানজট মুক্ত ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ভাব বিরাজ করছে। যানজট প্রশমন, মহাসড়কের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে লে. কর্নেল মুন্তাজার রাশেদীন এর নেতৃত্বে ইউনিটটি পরিশ্রম চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছে সরকার