নাঙ্গলকোটে বিএনপির ইউনিয়ন সম্মেলন এক দিন আগে স্থগিত ঘোষণা করা হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১৬টি ইউনিয়নে মঙ্গলবার (১২ আগস্ট) ও আগামীকাল বুধবার (১৩ আগস্ট) এই সম্মেলন হওয়ার কথা ছিল। তবে সঠিক ভোটার তালিকা না থাকা, নির্বাচনী প্রস্তুতির ঘাটতি ও একতরফাভাবে আয়োজিত সম্মেলনের অভিযোগ তুলে উপজেলা বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহাম্মদ ভূঁইয়া ও সদস্য সচিব নুরুল আফছার নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় কাঠামোর উন্নয়নের জন্য আয়োজিত সম্মেলন প্রস্তুতিতে নানা অনিয়ম, ভোটার তালিকা অসম্পূর্ণতা এবং সাংগঠনিক শৃঙ্খলার অভাবের কারণে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতারা অভিযোগ করেছেন, সম্মেলন অগোছালো ও পরিকল্পনাহীনভাবে পরিচালিত হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করেছে। এ ছাড়া সম্মেলন একতরফা আওয়ামী প্রীতি আচরণের দৃষ্টান্ত বলে নেতারা মন্তব্য করেছেন। তাদের ভাষায়, এ ধরনের সম্মেলন দলীয় গণতন্ত্র ও ঐক্যের বিরোধী।
আহ্বায়ক নজির আহাম্মদ ভূঁইয়া জানান, ইউনিয়ন নেতাদের লিখিত ও মৌখিক অভিযোগ বিশ্লেষণ করে দেখা গেছে, এভাবে সম্মেলন করলে দল সংকটাপন্ন হবে। তাই বৃহত্তর স্বার্থে সম্মেলন স্থগিত রাখা হয়েছে। উপজেলা কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সংগঠনের ভিত মজবুত রাখতে সকল পক্ষকে একসঙ্গে নিয়ে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভবিষ্যতে সম্মেলন আয়োজন করা হবে। যথাযথ প্রস্তুতি, সুষ্ঠু ভোটার তালিকা ও সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন তারিখ নির্ধারণ করা হবে।
স্থানীয় কিছু নেতার মতে, দ্বি-বার্ষিক সম্মেলন নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ ছিল। কিন্তু দলের ভেতরে সমন্বয়ের অভাব ও অস্বচ্ছতার কারণে তা স্থগিত হয়েছে।
উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলার ১৬ ইউনিয়নের অধিকাংশ এলাকায় আগেই সাংগঠনিক জটিলতা ও পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। এর ফলে দলের মধ্যে উৎসাহ থাকলেও শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হয়।
জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে গণতন্ত্রবিরোধী আরেকটা শক্তি