বন্ধ করা হল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট 

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:৩০ পিএম

সাত দিন পর বন্ধ করে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট।
 
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টায় কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

সোমবার (১১ আগস্ট) রাত ৯টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭. ৩৪ এমএসএলের নিচে অর্থাৎ বিপদ সীমার নিচে নেমে আসায় মঙ্গলবার সকাল ৮টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সব গুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৭টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৭.০৬ এমএসএল। অর্থাৎ বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকের পানির উচ্চতা কমে আসছে। 

প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদ সীমার উপর অতিক্রম করায় ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হয়েছিল। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল। 
কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত