জুলাইয়ের সেরা শুবমান গিল পেছনে ফেললেন বাবর আজমকে  

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম

ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল জুলাই ২০২৫–এর জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন–তেন্ডুলকর ট্রফিতে একের পর এক রেকর্ড ভেঙে এই স্বীকৃতি পেয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে পেছনে ফেলে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন গিল। জুলাই মাসে তিন টেস্টে তিনি ৯৪.৫০ গড়ে করেছেন ৫৬৭ রান, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি রয়েছে ছয় ইনিংসে।

প্রথমবার ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে সিরিজ খেলতে নেমেই এমন কীর্তি গড়ে গিল বলেছেন, “জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হতে পারাটা দারুণ অনুভূতি। এটি আমার জন্য আরও বিশেষ কারণ এসেছে আমার প্রথম টেস্ট সিরিজের অধিনায়কত্বের সময়ের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে। বার্মিংহামে ডাবল সেঞ্চুরিটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।”

চতুর্থবার আইসিসির মাসের সেরা শুবমান গিল। গ্রাফিক্স: আইসিসি

এটি গিলের ক্যারিয়ারের চতুর্থ মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। পুরুষদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে চারবার এই স্বীকৃতি পেলেন তিনি। তিনবার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম। 

নারীদের মধ্যে এই কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত