দক্ষিণ আফ্রিকার 'বেবি এবির' ৪১ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৬:২৯ পিএম

এবি ডি ভিলিয়ার্সের মতো ৩৬০ ডিগ্রি শট নেয়ার ক্ষমতার জন্য 'বেবি এবিডি' বলা হয় তাকে। ডি ভিলিয়ার্সের টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই। কিন্তু ডেওয়াল্ড ব্রেভিস তার নবম টি-টোয়েন্টিতেই পেলেন সেঞ্চুরির দেখা। তাও ৪১ বলে, যা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির পর দ্বিতীয় দ্রুততম। 

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার পক্ষে এই কীর্তি গড়েন ২২ বছর বয়সী ব্রেভিস। 

ডেওয়াল্ড ব্রেভিসের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি

৫৭ রানে ৩ উইকেট হারানোর পর খেলতে নামা ব্রেভিস সেঞ্চুরি গড়ার পথে ২৫ বলে ফিফটিতে পৌছান। ছক্কা মারায় বিশ্বখ্যাত গ্লেন ম্যাক্সওয়েলের এক ওভারে ৩ ছক্কা, এক চার সহ ২৪ রান তুলে নেন তিনি। ডোয়ারশুইসের বলে বাউন্ডারি মেরে পৌছান তিন অংকে। সেটি ছিল ৯ম বাউন্ডারি, ছক্কা ছিল ৮টি। 

শেষপর্যন্ত ৫৬ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন ব্রেভিস। টি-টোয়েন্টিতে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগের সর্বোচ্চ ইনিংস ছিল ফ্যাফ ডু প্লেসির ৫৬ বলে ১১৯। 

আজ পাচ বোলারের বিপক্ষে ২০ বা তার বেশি রান নিয়েছেন ব্রেভিস, যা টি-টোয়ন্টিতে দ্বিতীয়বার দেখা গেলো। এর আগে ২০২৪ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে রিজা হেন্ড্রিকস এই কীর্তি গড়েছিলেন। ব্রেভিস রান নিয়েছেন _

ম্যাক্সওয়েলের বিপক্ষে: ৩০ (৮)
হ্যাজলউডের বিপক্ষে: ২৬ (৯)
জাম্পার বিপক্ষে: ২৬ (১৩)
অ্যাবটের বিপক্ষে: ২২ (১৩)
ডোয়ারশুইসের বিপক্ষে: ২১ (১৩)

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত