ধরলা নদীতে ভেসে এল ভারতীয় শিশুর লাশ

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধরলা নদী থেকে ভারতের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিজিবি-বিএসএফ সদস্যদের পাশাপাশি দুই দেশের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিহত শিশুর নাম শঙ্খদীপ ঘোষ (৭)। সে ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকার বাসিন্দা এবং প্রথম শ্রেণির ছাত্র। তার বাবা বিশ্বদ্বীপ ঘোষ স্থানীয়ভাবে বাবুয়া নামে পরিচিত।

পুলিশ জানায়, পাটগ্রামের গুরিয়াটারী এলাকায় ধরলা নদীতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, লাশটি নদীর স্রোতে ভেসে ভারত থেকে এসেছে। 

ভারতের ময়নাগুড়ি এলাকা থেকে সোমবার সকাল থেকেই শঙ্খদীপ নিখোঁজ ছিল। এ ঘটনায় তার বাবা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন।

পাটগ্রাম থানার তদন্ত (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “অজ্ঞাত শিশুর লাশ উদ্ধারের পর পার্শ্ববর্তী দেশ ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা শিশুটিকে শনাক্ত করলে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত