প্রচার কার্যক্রমে গুণগত পরিবর্তনের আহ্বান সচিব মাহবুবা ফারজানার

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০২:৪৪ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জনসংযোগ কর্মকর্তাদের প্রচার কার্যক্রমে নতুন চিন্তা ও পরিকল্পনা যুক্ত করার আহ্বান জানিয়েছেন। গত বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তথ্য অধিদফতরের কার্যক্রম আরও দৃশ্যমান করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় সচিব বলেন, রাষ্ট্রের নীতি, কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও সাফল্য প্রচারে তথ্য অধিদফতর এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি প্রশংসা করে উল্লেখ করেন, তাঁদের কাজ নিয়ে কোনো মন্ত্রণালয় থেকে অভিযোগ পাওয়া যায় না—এটি একটি ইতিবাচক দিক।

প্রচার কার্যক্রমের বিস্তার বাড়ানোর তাগিদ দিয়ে সচিব বলেন, গণমাধ্যমে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও কার্যক্রমকে আরও দৃশ্যমান করতে হবে। মাল্টিমিডিয়ার মাধ্যমে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও প্রস্তুত ও প্রচারে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের ওপরও জোর দেন।

গুজব ও অপতথ্যকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সচিব বলেন, এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। তিনি প্রধান তথ্য অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পরামর্শ দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সচিব বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে নিরপেক্ষভাবে নির্বাচন-সংশ্লিষ্ট বিষয় প্রচারের জন্য তিনি জনসংযোগ কর্মকর্তাদের আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, রাজনৈতিক সরকারের প্রচারের প্রেক্ষাপট অতীতের তুলনায় ভিন্ন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তথ্য অধিদফতর ও মন্ত্রণালয়ে যুক্ত জনসংযোগ কর্মকর্তারা কাজ করছেন। সরকারের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

সভায় উপস্থিত কয়েকজন জনসংযোগ কর্মকর্তা প্রচার কার্যক্রম বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতার কথা জানান। সচিব মাহবুবা ফারজানা এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে তথ্য অধিদফতরের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত