কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তানের মাঝে সামরিক উত্তেজনা কমলেও কথার লড়াই থামছে না। পাকিস্তানের বিপক্ষে যে কোনো মঞ্চে ম্যাচ খেলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটারদের একাংশ, যাদের একজন হরভজন সিং। সাবেক এই তারকা স্পিনারের মতে, পাকিস্তানের সঙ্গে ভারতের কোনোভাবেই ক্রিকেট খেলা উচিত নয়।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘যেটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝা দরকার। আমাদের সেনারা সীমান্তে দাঁড়িয়ে দিন কাটাচ্ছেন, পরিবারকে দেখতে পান না, অনেকে জীবন নিয়েও ফিরতে পারেন না। তাদের এই আত্মত্যাগের তুলনায় ক্রিকেট খুবই ছোট বিষয়। একটা ম্যাচ বাদ দিতে কি পারি না আমরা? রক্ত আর ঘাম একসঙ্গে বইতে পারে না। সীমান্তে সেনারা লড়ছে, দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে—আর আমরা মাঠে নেমে ক্রিকেট খেলব? এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেট গৌণ বিষয়। সবার আগে দেশ।’
রাজনৈতিক কারণেই প্রায় এক যুগ ধরে ভারত–পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে। এখন শুধু আইসিসি বা এসিসির ইভেন্টে দুই দলের লড়াই দেখা যায়। তবে গত এপ্রিলে কাশ্মীর হামলার পর যে কোনো মঞ্চেই পাকিস্তানের বিপক্ষে না খেলার একটা আওয়াজ উঠেছিল। এরপর সম্প্রতি সাবেক ক্রিকেটারদের একটি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বিরত থেকেছিল ভারতীয় দল। হরভজন নিজেও সেই দলের অংশ ছিলেন।
সীমান্তের সেনাদের আত্মত্যাগের কথা উল্লেখ করে ভারতের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এই স্পিনার আরও বলেন, ‘দেশের প্রতি দায়িত্বই সবার আগে। ক্রিকেট ম্যাচ খেলার চেয়ে দেশের স্বার্থ রক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ভাইরা সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করছে। তাদের সাহসিকতা, ত্যাগ—এসব দেখে ভাবুন তাদের পরিবার কী পরিস্থিতির মধ্য দিয়ে যায়। অথচ আমরা এখানে ক্রিকেট খেলি। পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোও আমাদের ক্রিকেটারদের উচিত নয়। আর মিডিয়ারও উচিত নয় তাদের প্রচার করা বা প্রতিক্রিয়া দেখানো।’
২০ বল করে ১০ বাউন্ডারি খেলেন রশিদ খান
ক্রিকেটের চেয়ে বিসিবি নির্বাচনেই বেশি মনোযোগ ছিল ফারুকের: ক্রীড়া উপদেষ্টা
সতীর্থের প্রেমিকাকে ধর্ষণ করা সেই আর্জেন্টাইন ফুটবলার কারামুক্ত