মূল্যস্ফীতির চাপ বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো হালনাগাদে উদ্যোগ নিয়েছে জাতীয় বেতন কমিশন। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ের পুরোনো ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে কমিশনের প্রথম বৈঠক বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।
গত ২৭ জুলাই গঠিত ২৩ সদস্যের এ কমিশনের দায়িত্ব—সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক খাত, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সুপারিশ চূড়ান্ত করা। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা এই প্রক্রিয়ার আওতায় থাকবেন না।
সরকার ইতোমধ্যেই কমিশনকে নির্দেশ দিয়েছে, কর্মচারীর পরিবারের সদস্যসংখ্যা ছয়জন ধরে ব্যয়ের হিসাব নির্ধারণ করতে। প্রথম বৈঠক থেকেই ছয় মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হবে।
বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ২০টি গ্রেডে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন।
এর আগে সোমবার কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সময়মতো প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির প্রভাব গভীরভাবে বিবেচনায় রাখার পরামর্শ দেন।
পতাকানিউজ/এনটি
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা