১০ দিনেই এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন কার্যক্রম শুরু হওয়ার প্রথম ১০ দিনে (১৩ আগস্ট পর্যন্ত) ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। তুলনামূলকভাবে, গত বছর ৯ সেপ্টেম্বর অনলাইন রিটার্ন চালুর প্রথম ১০ দিনে মাত্র ২০ হাজার ৫২৩ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন। ফলে চলতি বছরের দৈনিক গড় দাখিলের সংখ্যা গত বছরের গড়ের প্রায় ৫ গুণ।

জাতীয় রাজস্ব বোর্ড গত ৩ আগস্ট এক বিশেষ আদেশ জারি করে জানায়, দেশে ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সব ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইনে http://www.etaxnbr.gov.bd আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। পরে ১১ আগস্ট বিশেষ আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে করদাতা ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক ব্যাখ্যা দিয়ে আবেদন করলে অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনের মাধ্যমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা যেকোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে acknowledgement slip প্রিন্ট এবং প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদ প্রিন্ট করা সম্ভব।

জাতীয় রাজস্ব বোর্ড ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য কল সেন্টারও চালু করেছে। ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতারা তাৎক্ষণিক সমাধান পেতে পারেন। এছাড়া http://www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন ব্যবহার করে লিখিতভাবে সমস্যার সমাধানও পাওয়া যাবে।

এনবিআর ব্যক্তি শ্রেণির করদাতাদের যথাসময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত