১৫ আগস্ট উপলক্ষে মুন্সীগঞ্জে খাবার বিতরণ, ছবি ভাইরাল

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম

১৫ আগস্ট উপলক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনাসভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বিভিন্নস্থানে শেখ মুজিবের ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজদীখান উপজেলার একটি গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পরিবারে ব্যানারে আলোচনাসভা ও খাবার বিতরণ করা হয়।

এদিন বিকেল ৬টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর তার ফেসবুক পেজে অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন।

একই সঙ্গে সেখানে তিনি লিখেছেন- কঠিন প্রতিকূল সময়েও সিরাজদীখান উপজেলার আওয়ামী লীগ পরিবার ১৫ আগস্ট উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোাচনাসভা ও দোয়া করেছেন। যা প্রশংসনীয়। ধন্যবাদ মুজিব সৈনিকদের।

এরপরই নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার পোস্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়।

এদিকে, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত শোক দিবসের পোস্টারে ছেয়ে গেছে জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা, উপজেলা মোড়, নিমতলা ও মালখানগর এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, আগেরদিন বুধবার রাতের আঁধারে পোস্টারে গাছের ডালে ও বিভিন্ন দেয়ালে দেয়ালে সাটানো হয়েছে।

এ প্রসঙ্গে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। আমরা উপজেলা জুড়ে খোঁজ-খবর নিচ্ছি। ১৫ আগস্ট উপলক্ষে বাড়িতে খাবার বিতরণের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে কেউ পোস্টার সাঁটিয়ে থাকলে তা গভীর রাতে করা হয়েছে। কেউ আইন লঙ্ঘন করে থাকলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত