২৬ বছরের নীরবতা ভাঙলেন শবনম

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম

উপমহাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা শবনম এক সময় পাকিস্তানের শীর্ষ নায়িকা ছিলেন তিনি। অভিনয়ের সুবাদে ১৩ বার পাকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘নিগার অ্যাওয়ার্ড’ পেয়েছেন এই খ্যাতিমান অভিনেত্রী। পাকিস্তানি চলচ্চিত্রে শবনমের এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। বাংলাদেশের সিনেমাতেও রয়েছে তার বিশেষ অবদান। ১৯৯৯ সালে অকালপ্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে ‘আম্মাজান’-এ অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমাটি তুমুল জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসাতেও ব্যাপক সাফল্য পেয়েছিল। 

এটি শবনম অভিনীত ছিল শেষ চলচ্চিত্র। এর পর বারবার সিনেমায় অভিনয়ের কথা বললেও আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি নন্দিত এই অভিনেত্রীকে। শুধু অভিনয়ে নয়, কখনো ক্যামেরার সামনেও আসেননি শবনম।এবার ২৬ বছর পর ভাঙছে সেই নীরবতা। আবারও ক্যামেরার সামনে আসছেন নন্দিত এই চিত্রনায়িকা। তবে অভিনয়ে নয়, এবার জানা গেল দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন শবনম। আগামী ১৭ আগস্ট শবনমের জন্মদিন। 

শিল্পীর বিশেষ এই দিনটি উপলক্ষেই সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে। সাক্ষাৎকারটি চ্যানেল আইতে প্রচার হবে। ইতোমধ্যেই চ্যানেল আইয়ের কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই ধারণ করা হয় দীর্ঘ সাক্ষাৎকারটি। জানা গেছে, শবনমের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জ্যেষ্ঠ সিনে সাংবাদিক ও বাচসাসের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রহমান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত