মেসির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন রিয়ালের 'মাস্তান'

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৬ পিএম

১৮তম জন্মদিনে রিয়াল মাদ্রিদের নতুন তারকা হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টাইন এই মিডফিল্ডার রিভার প্লেট থেকে ৪৫ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছেন স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে। উন্মোচন অনুষ্ঠানে যখন জিজ্ঞেস করা হয় তার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় কে, বিন্দুমাত্র দেরি না করে উত্তর দেন,
“আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আমি আর্জেন্টাইন।”

বার্সেলোনার কিংবদন্তির প্রতি এমন ভালোবাসা ও জাতীয় গর্বের প্রকাশ এসেছে এমন সময়ে, যখন তিনি যোগ দিলেন মেসির প্রাক্তন প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। মাস্তানতুয়োনো ৩০ নম্বর জার্সি পরে চুক্তি করেছেন ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।

আন্তর্জাতিক ফুটবলে তার স্বপ্নও জানালেন তিনি, “২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ডাক পাওয়া আমার স্বপ্ন। তবে এখন পুরো মনোযোগ রিয়াল মাদ্রিদে। দলে যোগ দিয়ে অনুশীলন শুরু করার অপেক্ষায় আছি।”

প্রথম অনুশীলনের আগেই দেখা হয়েছে জুড বেলিংহামের সঙ্গে। “কিছুক্ষণ আগে জুড বেলিংহামের সঙ্গে পরিচয় হয়েছে। তিনি আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন। অসাধারণ মানুষ,” বললেন মাস্তানতুয়োনো।

প্যারিস সেন্ট-জার্মেইসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাব তার জন্য আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদই তার পছন্দের গন্তব্য হয়। “অনেক ক্লাব আমার সঙ্গে কথা বলেছে, লুইস এনরিকের সঙ্গেও কথা হয়েছিল। তবে যখন জাবি আলোনসো ফোন করলেন, তা ছিল অত্যন্ত প্রভাবিত করার মতো। আমি তখনই ঠিক করে ফেলি।”

আগামীকাল থেকেই তিনি রিয়ালের অনুশীলনে যোগ দেবেন। মঙ্গলবার লা লিগার প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ওসাসুনা।

এ মৌসুমে রিয়াল আরও দলে নিয়েছে স্পেনের তরুণ ডিফেন্ডার ডিন হুইইসেন এবং ইংল্যান্ডের রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে প্রথম মৌসুমে প্রবেশ করছে ক্লাবটি। গত মৌসুমে লা লিগার শিরোপা হারিয়েছে বার্সেলোনার কাছে, ক্লাব বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও পৌঁছাতে ব্যর্থ হয়েছে, এমনকি চারটি এল ক্লাসিকোতেই হেরেছে প্রতিদ্বন্দ্বীর কাছে। এসব ব্যর্থতার পরই কোচিং পরিবর্তন হয়—কার্লো আনচেলত্তি চলে গেছেন ব্রাজিলের দায়িত্ব নিতে, আর প্রত্যাশিতভাবেই দায়িত্ব পেয়েছেন সাবেক রিয়াল মিডফিল্ডার আলোনসো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত