ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তীতে রজনীকান্ত

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০১:০২ পিএম

দক্ষিণী চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি রজনীকান্ত সেন ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করলেন। ১৯৭৫ সালের ১৪ আগস্ট তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই মেগাস্টার।

এমন বিশেষ দিনে অভিনেতাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দক্ষিণ এবং বলিউডের একাধিক তারকা। তবে সবার নজরে এসেছে হৃতিক রোশানের বিশেষ বার্তা। ১৪ আগস্ট বড় পর্দায় এক সঙ্গে মুক্তি পেয়েছে ওয়ার হৃতিকের ‘ওয়ার-২’ এবং রজনীর ‘কুলি’। বক্স অফিসে একে অপরের সঙ্গে যতই রেষারেষি চলুক না কেন, ব্যক্তিগত জীবনে রজনীকান্তকে যে কতটা সম্মান করেন গ্রিক গড, তার প্রমাণ পাওয়া গেল একটি পোস্টে। 

১৪ আগস্ট দুটি বড় সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার ঠিক আগের দিন রজনীকান্তকে নিয়ে একটি বিশেষ পোস্ট করলেন হৃতিক। এক্স হ্যান্ডেলে রজনীকান্তের উদ্দেশ্যে হৃতিক লেখেন, ‘আপনার পাশে থেকে অভিনেতা হিসেবে আমার প্রথম পদক্ষেপ। আপনি আমার প্রথম শিক্ষকদের মধ্যে একজন। আপনি আমার অনুপ্রেরণা এবং গুরু। পর্দায় ৫০ বছর পূর্ণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন।’ 

১৯৮৬ সালে রজনীকান্তের সঙ্গে ‘ভগবান দাদা’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন হৃতিক রোশন। এই ছবিতে শিশু শিল্পী হিসাবে কাজ করেছিলেন অভিনেতা। ছবিতে কাজ করার সুবাদে প্রথম থেকেই রজনীকান্তের ছত্রছায়ায় শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন হৃতিক। 

হৃতিকের এই পোস্ট দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। অনেকেই বলেছেন, পেশাগত দিকে যাই হোক না কেন, ব্যক্তিগত জীবনে একজন সহ অভিনেতাকে এইভাবে সম্মান করাই আসল শিক্ষার পরিচয়। একে অপরের সঙ্গে বক্স অফিসে যতই লড়াই চলুক না কেন, রজনীকান্ত যে চিরকাল হৃতিকের শিক্ষকই থাকবেন, সেই কথাও বারবার স্মরণ করিয়েছেন সবাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত