শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার ওপর নির্যাতনের দায়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারের একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর ও পোকামাকড় ঘুরে বেড়াত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার তাকে অন্যায়ভাবে ছাদের একটি কক্ষে আটকে রেখেছিল। এ নির্যাতনের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত।
তিনি খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীনতা এবং নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা তুলনাহীন। আমরা যারা তার সঙ্গে কাজ করেছি, তার দৃঢ় মনোবল দেখেছি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। পুরনো কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দি রাখায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবার কয়েক দফা আবেদন করলেও তা নাকচ করে দেয় তৎকালীন শেখ হাসিনার সরকার।
দেশে কোভিডের সংক্রমণ হলে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এসময় গুলশানের বাসা ‘ফিরোজা’য় বন্দি রাখা হয় তাকে। পটপরিবর্তনের পর ৬ অগাস্ট সাজা থেকে পুরোপুরি মুক্ত হন তিনি।
