১৩৬ বছর পুরনো রেকর্ড ভাঙার অপেক্ষায় বেথেল

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এএম

আগামী মাসে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‍দুই ফরম্যাট এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আর আয়ার‌ল্যান্ড সিরিজেই ১৩৬ বছরের পুরনো রেকর্ড ভাঙবেন জ্যাকব বেথেল। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে বেথেলকে। ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার।

সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড বর্তমানে মন্টি বাউডেনের। ১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ২৩ বছর ১৪৪ দিন বয়সে। তার ১৩৬ বছরের অক্ষত রেকর্ডটা ভেঙে দেওয়ার অপেক্ষায় বেথেল। অবশ্য তাকে অধিনায়ক ঘোষণা করাতেও ভেঙেছে রেকর্ড। ভাঙতে যাচ্ছেন বলার কারণটা শুধু বেথেলের অধিনায়ক হিসেবে মাঠে নামার অপেক্ষা।

বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বেথেল সুযোগটা পেয়েছেন মূলত সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুকসহ নিয়মিত অনেক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কারণে। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর ডাবলিনে আইরিশদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। তিন সিরিজের জন্যই আলাদা দল দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, লুক উড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত