মুন্সীগঞ্জে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামের ওই কেমিক্যাল পার্ক পরিদর্শন করেন তিনি।

এসময় শিল্পপার্কের ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল স্থাপনের প্রস্তাবিত স্থানসমূহ ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বিসিক কেমিক্যাল শিল্প পার্কের সকল স্থাপনা সরকারি রোডম্যাপ অনুযায়ী নির্মাণ করতে হবে। এ প্রকল্প চালু হলে স্থানীয় জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বেকারত্ব হ্রাস পাবে। এলাকাবাসী সরাসরি সুবিধা ভোগ করবে।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসেন্সিয়াল ড্রাগস বাংলাদেশের এমডি মো. আব্দুস সামাদ মৃধা, বিসিক কেমিক্যাল শিল্প পার্কের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, রাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমুখ।

বিসিক কেমিক্যাল শিল্প পার্কের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে প্রকল্পের সকল কার্যক্রম সম্পন্ন হবে। পরে বেলা ১১ টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যান উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকার নবাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত