বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি স্বাস্থ্যসেবার অসঙ্গতির সমালোচনা করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, মানুষ ভারত বা থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। বাংলাদেশের সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা আছে।
তবে তিনি নির্দিষ্ট কোম্পানির ওষুধ কেনার জন্য রোগীদের বাধ্য করার অভিযোগ তুলে প্রশ্ন রাখেন, দুনিয়ার কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? নিজেদের কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন?
তিনি হাসপাতাল মালিকদের উদ্দেশ্যে বলেন, প্লিজ, এসব অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটুন, তাতে কোনো সমস্যা নেই।
একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, আমার বাসায় একজন সাহায্যকারী ছিল, সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল। তাকে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল। পরে সে রাগ করে ঢাকার বাইরে চিকিৎসা করিয়েছে, সেখানে এত টেস্ট লাগেনি।
এছাড়া নার্সদের স্বল্প বেতনের বিষয়ে তিনি বলেন, একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তবে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে? এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।
