পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৬:০২ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেসবুকে সুইসাইড নোট লিখে ও স্ট্যাটাস দিয়ে জিতু রায় (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ব্রহ্মোত্তর সুন্দরদিঘী এলাকার তারিণী রায়ের ছেলে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের ছাত্র ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানার পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, আত্মহত্যার আগে জিতু ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এবং হাতে লেখা চিঠিতে জানান, প্রেমিকার সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন। প্রেমিকা অন্য কাউকে বিয়ে করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নিহতের কাকা হীরেন রায় জানান, শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেখার পর তারা জিতুকে খুঁজতে ঘরের ভিতরে গিয়ে না পেয়ে বাহিরে বের হলে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। সেখান থেকে নামিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে (বাহাদুর বাজার এলাকায়) তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ নিহত জিতুর হাতে লেখা ৩ পৃষ্ঠার একটি সুইসাইড নোট উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার আগে জিতু সুইসাইড নোট রেখে গেছে। আমরা তার লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করবো। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত