তারেক রহমান

সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১:৪৪ পিএম

গণতন্ত্রের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ দেশের মালিকানার একমাত্র দাবিদার জনগণ। এই সত্যটাকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই— তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, যে স্বৈরাচারকে মানুষ প্রতিহত করেছে সেই স্বৈরাচারের জাগরণকে প্রতিহত করতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতোই। এইদেশ যেন চরমপন্থা বা মৌলবাদের কোনো অভয়ারণ্য হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। 

তিনি বলেন, কবি সাহিত্যিকদের কাছে মানবসভ্যতা বিভিন্নভাবে ঋণী হয়। তারা আমাদের মতো সাধারণ মানুষের অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। তেমনিভাবে বিজয়ের আনন্দের বার্তাবাহক হিসেবেও আবির্ভূত হন। আমাদের মন যেটা বলতে বা শুনতে চায় কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন কারণে প্রকাশ করতে পারি না, সীমাবদ্ধতা থাকে।

উপস্থিত কবি-সাহিত্যিকদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা আমাদের সেই কথাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আপনারা আমাদের মনোজগতে স্থান করে নিতে পারেন। আমি মনে করি— আপনারা সেখানেই অসাধারণ এবং আমরা সাধারণ। যুগে যুগে এই কবি-সাহিত্যিকরাই নির্ভীক চিত্তে মুক্তির কথা বলেছেন।  আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সংগীত ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত