গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধি আশিক চৌধুরীকে (৩২) কুপিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) রাত সোয়া ১১টায় মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে। তিনি ইনসেপ্টা কোম্পানিতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে কর্মরত। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাড়ি থেকে অটোরিকশায় উঠে বোর্ড বাজারের দিকে যাচ্ছিলেন আশিক চৌধুরী। অটোরিকশাটি গাছা সড়কের মাথায় পৌঁছালে আগে থেকেই অটোরিকশায় থাকা যাত্রীবেশী চার ছিনতাইকারী আশিকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা আশিককে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে ছিনতাইকারীরা আশিকের কাছ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অটোরিকশা চালকের সহায়তায় আশিককে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আশিককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত ৩টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আশিক চৌধুরী নামে এক ব্যক্তি বিভিন্ন দোকান থেকে টাকা কালেকশন করে অটো রিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুত্বর আহত হন। এ ঘটনায় ইনসেপ্টা কোম্পানির এরিয়া ম্যানেজার উজ্জ্বল চন্দ্র দাস বাদী হয়ে গাছা থানায় মামলা দায়ের করেছেন। ছিনতাইকারীদের সনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আবার হাসপাতালে পরীমনি
সাঈদীর ফাঁসির রায়ে ‘মিষ্টি বিতরণকারী’ আ. লীগ নেতাকে পিটুনির পর পুলিশে হস্তান্তর