হাফ ডজন গোলে হারের পর কাঁদলেন নেইমার বললেন, ‘আমি লজ্জিত'

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:২২ পিএম

ব্রাজিলিয়ান সিরি আ’তে গত রাতে এক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে ভাস্কো দা গামা। নেইমারের সান্তোসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাবটি। আর এমন লজ্জাজনক হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। এই হার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয় বলেও গণ্য করা হচ্ছে। 

ম্যাচের প্রথমার্ধেই বোঝা যাচ্ছিল, সান্তোসকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। লুকাস পিতোঁর গোলে এগিয়ে যায় ভাস্কো দা গামা। এরপরই ম্যাচের ছন্দ একেবারে পাল্টে যায়। সান্তোস প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ভাস্কোর আক্রমণ থামানো সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে আসে কুতিনহোর জাদু। লিভারপুল ও বার্সেলোনার সাবেক তারকা এই গ্রীষ্মেই যোগ দিয়েছেন ভাস্কোতে। তা পা থেকে আসে দুর্দান্ত দুটি। তাকে সমর্থন দেন ডেভিড কোরেয়া দে ফনসেকা, রায়ান ও দানিলো নেভেস। ফলে স্কোরলাইন দাঁড়ায় হাফ ডজন—৬-০।

সান্তোসের হয়ে ২৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। ছবি: এক্স

মাত্র দুই মাস আগেই নতুন চুক্তি করে শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার। সমর্থকদের প্রত্যাশা ছিল তিনি সান্তোসকে টেনে তুলবেন পুরনো গৌরবে। কিন্তু ভাস্কোর কাছে ৬-০ গোলের এই হার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কান্নাভেজা কণ্ঠে নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে পুরোপুরি হতাশ। সমর্থকদের প্রতিবাদের পূর্ণ অধিকার আছে, অবশ্যই কোনো ধরনের সহিংসতা ছাড়া। তারা গালি দিক, সমালোচনা করুক—তারা ঠিকই আছে। এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমন হয়নি। দুর্ভাগ্যজনকভাবে এবার হলো। কান্না ছিল রাগ থেকে, সবকিছু মিলিয়ে। দুর্ভাগ্যবশত আমি সব দিক সামলাতে পারছি না। পুরো ব্যাপারটাই বাজে ছিল, এটাই বাস্তবতা।’

এই লজ্জাজনক হারের পরপরই সান্তোস প্রধান কোচ ক্লেবার জ্যাভিয়েরকে বিদায় জানিয়েছে। এ জয়ে ভাস্কো দা গামা অবনমন অঞ্চলের বাইরে চলে এসেছে। তারা এখন ১৫তম স্থানে থাকা সান্তোসের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। আর নেইমারের সান্তোস এখন আরও গভীর সংকটে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত