জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সহ-সভাপতি (ভিপি) পদে সংগঠনটির ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বর্তমান শাখা সভাপতি এস এম ফরহাদ প্রার্থী হবেন।
সোমবার (১৮ আগস্ট) ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে শিবির নেতারা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শিবিরের প্যানেলের উল্লেখযোগ্য প্রার্থী-
সহ-সভাপতি (ভিপি): সাদিক কায়েম
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ
সহ-সাধারণ সম্পাদক: মহিউদ্দিন খান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম (চোখ হারানো শিক্ষার্থী)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির
এছাড়া ১৩টি সদস্য পদে প্রার্থী দেওয়া হলেও তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ আগস্ট। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ আগস্ট, বাছাই হবে ২০ আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ঢাবি অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে স্বাধীনতার পর ৫৩ বছরে মাত্র ৮ বার নির্বাচন হয়েছে। শতবর্ষী ঢাবিতে এ পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ২৯টিই ব্রিটিশ ও পাকিস্তান আমলে।
