যশোরের দুই বিচারকের বিরুদ্ধে আইনজীবীর অভিযোগ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৪ এএম

বিচারিক দায়িত্ব পালনে গাফিলতি এবং দায়িত্ব ফেলে ভ্রমণে যাওয়ার অভিযোগে যশোরের দুই বিচারকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিখিত অভিযোগ করা হয়েছে। যশোরের জ্যেষ্ঠ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি দেবাশীষ দাস গতকাল সোমবার ডাকযোগে এই অভিযোগ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগস্ট শুক্রবার যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩০ জন আসামিকে আদালত ভবনের নিচতলার হাজতখানায় রাখা হয় এবং আদালত প্রাঙ্গণে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে না থেকে ঝিকরগাছার গদখালীতে ফুলবাগানে ভ্রমণে যান। এতে আসামি ও সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণœ হয়েছে বলে আইনজীবী দেবাশীষ দাস অভিযোগ করেন।

একই লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানাও তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।

আইনজীবী দেবাশীষ দাস তার অভিযোগে বলেন, কয়েক মাস আগে যশোর জজ আদালতের হাজতখানা থেকে এক আসামি পালিয়ে যায়। এ ছাড়া যশোরে সম্প্রতি হত্যাসহ বিভিন্ন অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় রাতে হাজতখানায় আসামিদের রাখা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করছেন। এসব বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত