ট্রাভিস হেডের ৪ উইকেট, কোনো সেঞ্চুরি ছাড়াই প্রোটিয়াদের ২৯৬

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৩:১২ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের তুলোধুনো করে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৯৬ রান। যদিও প্রোটিয়াদের ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৮২ রান করেছেন ওপেনার এইডেন মার্করাম। অজিদের হয়ে ৪ উইকেট নিয়েছেন পার্টটাইম অফস্পিনার ট্রাভিস হেড।

কেয়ার্নসের ক্যাজালি’স স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। প্রোটিয়াদের ওপেনিং জুটিতেই আসে ৯২ রান। রায়ান রিকেটলন ৩৩ রানে আউট হলেও মার্করাম খেলেন ৮১ বলে ৯ চারে ৮২ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা ৬৫ এবং ম্যাথু ব্রিটজে ৫৬ বলে ৫৭ রান করেন। শেষ দিকে মুল্ডারের ২৬ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসও বেশ গুরুত্বপূর্ণ ছিল।

‘বেবি এবি’ নামে পরিচিত ডিওয়াল্ড ব্রেভিসের এদিন অভিষেক হয়। মিডল অর্ডারে নেমে প্রথম বলেই ট্রাভিস হেডকে একটা ছক্কা মেরে পরের বলে আউট হয়ে যান! পার্টটাইমার ট্রাভিস হেড নেন ৯ ওভারে ৫৭ রানে ৪ উইকেট। গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলে তিনি ২৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন, যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। এছাড়া বেন ডারউশ নিয়েছেন ৫৩ রানে ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত