সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৩ এএম

জাল-জালিয়াতির মাধ্যমে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাতজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মোতালিব হোসেন, জিসিসির সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল, মো. শহিদুল ইসলাম, শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ও প্লটু চাকমা।

মামলার এজাহারে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কোনাবাড়ী শাখায় ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামে খোলা ‘চলতি হিসাব’ খোলা হয়। চলতি হিসাব খোলার সময় কেওয়াইসি ফরমে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর তার ব্যক্তিগত বাংলালিংক নম্বরটি ব্যবহার করেন। এছাড়া ব্যাংক হিসাব গাজীপুর সিটি করপোরেশনের কোনো সভার রেজ্যুলেশন ছাড়া সাবেক মেয়র আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একক স্বাক্ষরে পরিচালিত হয়।

অভিযোগে আরও বলা হয়, ব্যাংক হিসাবটি খোলার পর ২০২১ সালের মার্চ পর্যন্ত ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা করা হয়েছে এবং ২ কোটি ৬০ লাখ টাকা নগদে, ৮ হাজার ৫ টাকার পে-অর্ডার ও বাকি ১৬ হাজার ৯৯০ টাকা হিসাব পরিচালনা সংক্রান্ত ভ্যাট ও অন্যান্য বাবদ কর্তন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত