নাইজেরিয়ায় ফজরের নামাজে গুলিবর্ষণ, নিহত ২৭

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:০৯ এএম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা প্রদেশে ফজরের নামাজ পড়তে থাকা মুসল্লিদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দিয়েছে আল জাজিরা।

বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, মালুমফাশি এলাকার দুর্গম উঙ্গুয়ান মানতাউ গ্রামে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে মুসল্লিরা নামাজে অংশ নিতে জড়ো হলে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়। মুহূর্তেই মৃত্যু ও আহতের ঘটনা ঘটে।

এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে। স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এর আগে চলতি বছরের জুনে উত্তর-মধ্যাঞ্চলে এক হামলায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের ভয়াবহ ঘটনার পর উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে আর কোনো হামলার আশঙ্কা না থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত