চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। সেখান থেকে বাসায় গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে রাতেই গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠক চলে রাত ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর অসুস্থতা অনুভব করলে রাত ১টার দিকে তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাঁকে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন আছেন। সবাই দোয়া করবেন।’
চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। দেশে ফিরে তিনি প্রথমে গুলশানের বাসায় যান এবং পরে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বাসায় ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব।
ভারী বৃষ্টির পূর্বাভাস, দেশের ১০ জেলায় প্লাবনের শঙ্কা