ফিনল্যান্ডের হেলসিঙ্কির সংসদ ভবনে এক তরুণ সংসদ সদস্য এমেলি পেলটোনেন আকস্মিকভাবে মারা গেছেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী পেলটোনেন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, পেলটোনেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি সংসদ ভবনের ভেতরে মৃত্যু বরন করেছেন এবং মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় ফিনল্যান্ড জুড়ে শোক নেমে এসেছে। রাজনৈতিক পার্থক্য ভুলে দেশের সব দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন বলেন, ‘তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। তাকে আমরা গভীরভাবে মিস করব। এত অল্প বয়সে তার চলে যাওয়ায় আমরা শোকাহত।’
সংসদ গ্রীষ্মকালীন বিরতিতে থাকলেও প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো সব সরকারি রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পেলটোনেন সহকর্মীদের কাছে খুব প্রিয় ছিলেন এবং তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
পুলিশ মঙ্গলবার বেলা ১১টা ৬ মিনিটে সংসদ ভবন এদুস্কুনতাতালোতে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা নিশ্চিত করেছেন, এখানে কোনও অপরাধমূলক ঘটনা ঘটেনি। তিন ঘণ্টা পর সংসদ কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিবৃতিতে পেলটোনেনের মৃত্যুর খবর নিশ্চিত করে।
দক্ষিণাঞ্চলীয় উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন ২০২৩ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাজনৈতিক জীবন শুরু হয় খুব অল্প বয়সে। মাত্র ১৮ বছর বয়সে তিনি ইয়্যারভেনপা সিটি কাউন্সিলে নির্বাচিত হন এবং ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন, যা ওই পদে দায়িত্ব নেওয়ার সবচেয়ে কম বয়সী রেকর্ড।
গত জুনের শেষ দিকে পেলটোনেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কিডনির সমস্যার কারণে তিনি কয়েক সপ্তাহ সংসদীয় কাজে অনুপস্থিত ছিলেন। তিনি লিখেছেন, হেলসিঙ্কির মেইলাহতি এলাকার হাসপাতালে শিরায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং গ্রীষ্মকালীন চিকিৎসা ছুটিতে পুরোপুরি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন।
তৃতীয়বার বর্ষসেরা পুরস্কার জিতে সালাহর রেকর্ড
তিন দফায় বিএনপির আপত্তি জুলাই সনদে