মানবতাবিরোধী অপরাধ: সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) সকালে কারাগার থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। ইতোমধ্যেই ১২ জন সাক্ষীর জবানবন্দি শোনা হয়েছে। আজ মামলার ১৩তম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, বুধবার (২০ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে ১৩তম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ১৬ জুন ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আদালতে হাজির হতে নির্দেশ দেন এবং বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। পরদিন দুটি জাতীয় দৈনিকে বাংলা ও ইংরেজি ভাষায় বিজ্ঞপ্তি ছাপা হয়, যেখানে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

কিন্তু নির্ধারিত সময়েও পলাতক দুই আসামি হাজির না হওয়ায় আদালত তাদের জন্য রাষ্ট্রীয় খরচে (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগ দেন। নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন। শুনানি শেষে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এর ধারাবাহিকতায় মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং এখন পর্যন্ত ১২ জন সাক্ষীর জবানবন্দি সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত