মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত, জনজীবন স্থবির 

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম

মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর জনজীবন। গত তিনদিন ধরে থেমে থমে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে নিচু এলাকা, আবাদি জমি, সবজি ক্ষেত, পুকুর, ঘের, বসতবাড়ির আঙ্গিনা। দুর্ভোগে পড়েছে সকল শ্রেণি-পেশার মানুষ।  

চরম ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবী, চাকুরীজীবী, শিক্ষার্থীরা। তলিয়ে গেছে প্রায় সকল আমনের ক্ষেত। গাছ পচে যাওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিসহ মৌসুমি সবজি চাষিরা। পুকুর-ঘের তলিয়ে যাওয়ায় চলে গেছে অনেক পুকুরের মাছ। বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

এদিকে সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরে এসেছে সাগরে মাছ ধরার অধিকাংশ ট্রলার। প্রভাব পড়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। অধিকাংশ হোটেল-কটেজ খালি পড়ে আছে। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত