কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় নিহতদের পরিচয় মিলেছে

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান উল্টে একটি প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী।

শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।

নিহত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

এ বিষয়ে এসআই আনিসুর রহমান বলেন, নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। তারা লাকসাম এলাকায় যাচ্ছিলেন। ইউটার্ন নেওয়ার সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটির ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি একটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা চারজন নিহত হন এবং সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হন।

দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়া প্রাইভেটকার থেকে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত