খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) রাতে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
জানা গেছে, শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ জানান, শামীম তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
