চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা ও দুইজনকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। নিহত কিশোরের মা খাদিজা বেগম গত শুক্রবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগর থেকে ফেরার পথে স্থানীয় কয়েকজন ব্যক্তি চোর সন্দেহে তিন কিশোরকে সেতুতে বেঁধে পিটায়। এ ঘটনায় মো. রিহান মাহিন (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। আহত অন্য দুই কিশোর মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

নিহত রিহান একই এলাকার মুদিদোকানদার মুহাম্মদ লোকমানের ছেলে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, তিন কিশোর এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে তাদের ওই হামলা করা হয়।

পুলিশের ধারণা, পূর্ববর্তী বিরোধের জের ধরে চোর সন্দেহের কথা বলে কিশোরদের ওপর এই হামলা চালানো হয়। ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ মুহাম্মদ নোমান (২২) ও মুহাম্মদ আজাদ (২৩) নামের দুইজনকে গ্রেপ্তার করে। তারা দুজনই কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের আদেশ দেন।

মামলার নামে উল্লেখিত অন্য আসামিরা হলেন নাজিম উদ্দিন, মোহাম্মদ তৈয়ব ও মহিউদ্দিন। তারাও একই গ্রামের বাসিন্দা। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, গ্রেপ্তারকৃত দুই আসামি ছাড়াও বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত