গেল মৌসুমে ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছিল টটেনহ্যাম। এবারও জয় পেল স্পার্সরা। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতিহাদে টটেনহ্যাম ২-০ তে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।
লিগে দুই ম্যাচে ৫ গোল করা টটেনহ্যাম ৬ পয়েন্টে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পাওয়া সিটির পয়েন্ট ৩।
ঘরের মাঠে ম্যানসিটি ম্যাচের ২৮ মিনিটে গোল পেতে পারতো। আর্লিং হালান্ডের থ্রু থেকে মারমুশ বক্সে বল পেয়েছিলেন, সামনে ছিলেন শুধুই টটেনহ্যামের গোলকিপার। তবে মারমুশের শট রুখে দেন গোলকিপার ভিকারিও।
৩৫ মিনিটে মাঠের ডান-পান্তে বল পেয়ে আক্রমণে ওঠেন রিচার্লিসন। তিনি বল বাড়ান বক্সে। ব্রেনান জনসন ছুটে এসে জালে বল পাঠান। তবে প্রথমে ভাবা হচ্ছিল অফসাইড। পরে ভিএআর-এ গোলের সিদ্ধান্ত দেন রেফারি।
৩৯ মিনিটে বক্স থেকে সামান্য বাইরে ছুটে এসে দলকে রক্ষা করেন সিটির গোলকিপার জেমস ট্রাফোর্ড। তবে প্রথমার্ধের যোগকরা সময়ে আবারও গোল হজম করে স্বাগতিকরা। এবার ট্রাফোর্ডের ভুলেই গোল হজম করে পেপ গার্দিওলার দল। ট্র্যাফোর্ডকে বল দিয়েছিলেন তার সতীর্থ। তবে তিনি ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। বল দখলের লড়াইয়ে সেটি শেষ পর্যন্ত যায় জোয়াও পালিনহার পায়ে। বল জালে পাঠান বায়ার্ন থেকে ধারে খেলতে আসা পর্তুগিজ এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
বাকি সময়ে গোলের চেষ্টা করে দুই দলই। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় পায় টটেনহ্যাম।
কলম্বোয় এবার মুখোমুখি জয়াসুরিয়া-মুরালিধরনের ছেলে
এশিয়া কাপে এবারো চ্যাম্পিয়ন হবে ভারত, শেবাগের ভবিষ্যদ্বাণী