কুমিল্লায় বাসচাপায় হেলপার নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:১০ পিএম

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে নিয়ন্ত্রণহীন একটি বাসের ধাক্কায় পিষ্ট হয়ে হেলাল (২২) নামের এক বাস হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার স্থানীয় পরিবহন পাপিয়া সার্ভিসের বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিসের একটি বাস চান্দিনা-বাগুর বাস স্টেশনে থেমে যাত্রী ওঠানামা করাচ্ছিল। বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী ডাকছিলেন হেলপার হেলাল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আল-বারাকা পরিবহনের একটি বাসের ব্রেক ফেল করে একটি রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে পাপিয়া বাসের পেছনে সজোরে আঘাত করে। ধাক্কায় পাপিয়া বাসটি সামনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান হেলাল। তবে এ ঘটনায় ভ্যানচালকসহ অন্য কেউ হতাহত হননি।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বলেন, “আল-বারাকা পরিবহনের বাসটির ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত