কুমিল্লায় দুর্ঘটনায় ৪ জন নিহতের সময় উল্টো পথে আসা বাস জব্দ

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৩৯ পিএম

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলেসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের একটি বাস জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকার একটি হোটেলের সামনে ফাঁকা মাঠ থেকে বাসটি জব্দ করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার দেশ রূপান্তরকে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলছিল। এর ফলেই সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার দুর্ঘটনার পর থেকেই পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি একটি প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন নিহত হন।

তারা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে মো. আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। আবুল হাশেম ছিলেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা। দুর্ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন।

একই ঘটনায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়া একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় নিহত ওমর আলীর ছোট ভাই আবুল কালাম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহনের বাসের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত