চট্টগ্রামের আনোয়ারায় ১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন,উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল গ্রামের মো. নাঈম (২০) ও একই এলাকার আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার (৩৫)।
পুলিশ জানায়, শাহাজাহান,নাঈম ও ওমর ফারুক নামের তিন যুবক ভুক্তভোগী কিশোরীকে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পশ্চিম বরৈয়া এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রাখে। সেখানে তারা রাত আড়াইটা পর্যন্ত ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে হাসমন আক্তার নামের ওই নারী ভুক্তভোগী কিশোরীর পরিধানের কাপড় ধুয়ে ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ব্যাথানাশক ঔষধ খাইয়ে ঘটনা প্রকাশ না করতে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখায়। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
