শোকজের জবাব প্রসঙ্গে যা বললেন ফজলুর রহমান

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:৪০ পিএম

বিএনপি’র কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। রবিবার রাতে নোটিশ পাওয়ার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি এ কথা বলেন। ফজলুর রহমান বলেন, আমি নোটিশটি রবিবার রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেব।

তবে কবে, কখন জবাব দেবেন তা তিনি বলেননি। ফজলুর রহমান জানান, এখনো হাতে আরও সময় আছে। দেখি কী করি। তবে নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান তিনি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে রবিবার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ফজলুর রহমান বলেন, মেহমান যারা এসেছেন, তাদের সঙ্গে আমার নোটিশ পাওয়ার যোগসূত্র আছে কিনা, তা দেখার অনুরোধ করি। আমার বাসার নিচে কতগুলো ছেলে-মেয়ে সংখ্যায় সাত-আটজন হবে তারা সকাল থেকে মব সৃষ্টি করছে।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত