দেশে চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, রাহাজানি চলছে : মান্না

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম

সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিকঐক্য জেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না।

প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন, আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, তারা ভালো নেই। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, মাত্র পঁচিশ দিনের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। দেড় হাজার মানুষ তাদের রক্ত ঢেলে শহীদ হয়েছেন। কিন্তু সেই আন্দোলনের উদ্দেশ্য পূরণ হয়েছে কি? 

দেশে এখনও চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, রাহাজানি চলছে। হয়তো কিছুটা কমেছে, কিন্তু শেষ হয়নি। 

সারাদেশে যেমন চলছে, বগুড়াতেও রয়েছে। হাসিনার লুটপাট পনেরো বছর ধরে চলেছে। এখনও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেনি, সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। তাই এখন সবচেয়ে জরুরি বিষয় হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

তিনি আরও বলেন, এখনো পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ফেরেনি। টাকা ছাড়া মামলা হয় না, অনেক অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। পুলিশের উপর মানুষের আস্থা ফিরতে হবে। আস্থা ফিরলেই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন এনজিওকর্মী হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। তাই তাকে সহযোগিতা করতে হবে, যাতে অবাধ নির্বাচন আয়োজন করা যায়। নাগরিক ঐক্য সারাদেশে কাজ করছে, বগুড়াতেও গণসংযোগ শুরু হয়েছে। আমাদের নির্বাচনের পথে এগোতে হবে।”

কর্মীসভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য বগুড়া জেলার সংগঠক রাজিয়া সুলতানা ইভা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। 

এছাড়া জেলা শাখার সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মুকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজ বাহাদুর, সুলতান, দুদু, মহিদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।

এদিন বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও দলের নেতাকর্মীরা। 

এসময় তিনি আসন্ন নির্বাচনে নাগরিক ঐক্যকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত