মনিরামপুর

প্রধান শিক্ষক নিয়োগে জালিয়াতি অভিযোগ, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম

মনিরামপুর উপজেলার হাটগাছা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে-যোগ্যতা না থাকা সও্বেও জাল কাগজপত্রের মাধ্যমে সনজিৎ কুমার বিশ্বাস নামের এক শিক্ষক প্রধান শিক্ষকের পদ দখল করেছেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে তিনি সরকারি অর্থও ভোগ করে আসছেন বলে এলাকাবাসীর দাবি।

এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এলাকাবাসী ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। 

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত ইন্টারভিউর মাধ্যমে সনজিৎ কুমার বিশ্বাসকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তার শিক্ষাগত যোগ্যতায় একাধিক তৃতীয় বিভাগ থাকায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী এ পদে তার নিয়োগ বৈধ নয়।

সূত্র জানায়, পরবর্তীতে এমপিওভুক্তির সময়ও জালিয়াতি করা হয়। অভিযোগ রয়েছে, বর্তমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন কাগজপত্রে তৃতীয় বিভাগকে দ্বিতীয় বিভাগ দেখিয়ে গত নভেম্বর মাসে তাকে এমপিওভুক্ত করেন।

এদিকে, অভিযোগের সত্যতা যাচাইয়ে গত রবিবার সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ। তিনি বলেন, “সনজিৎ কুমারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।”

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সনজিৎ কুমার বিশ্বাসের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত