কামালপুর স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি ধানুয়া কামালপুর ইউনিয়নের স্থলবন্দর পরিদর্শন করেন। পরে বন্দরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তারা বন্দরে ইমিগ্রেশন চালু করা, আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার করা, ব্যবসায়ী ভিসা চালু করা, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং বন্দরগামী ভারতের অভ্যন্তরে অবস্থিত খারাপ সড়ক সংস্কার করা বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি অনুমোদনপ্রাপ্ত পণ্য আমদানি করতে সহকারী হাই কমিশনারকে অনুরোধ করা হয়।

মতবিনিময় সভায় সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম জোরদার করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম, ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ আবদুল হান্নান, বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, শুল্ক কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহা, আমদানিকারক সাজ্জাদ তাইমুর, রুবেল মাহমুদ, মোশাররফ হোসেন মিশু প্রমুখ।

এছাড়াও শুভেচ্ছা স্মারক হিসেবে সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর স্থলবন্দর প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। পরে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত