সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত হাসপাতালে নেওয়া হয়।
এ তথ্য জানিয়েছেন কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আকতার। জেল সুপার বলেন, ‘তিনি অসুস্থতা বোধ করায় চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন জানান, সাবেক বিচারপতিকে আমাদের কার্ডিয়াক ইউনিটের সিসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
এ বি এম খায়রুল হক ছিলেন বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় দেওয়া এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে।
