না’গঞ্জে ধর্ষণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে চারতলা ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা ও ধর্ষণ চেষ্টা মামলার অন্যতম আসামি নুর ইসলাম (৪৮)কে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। 

সোমবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নুর ইসলাম ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার আজিজ মিয়ার ছেলে।

র‌্যাব-১১’র মিডিয়া কর্মকর্তা গোলাম রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লার চিতাশাল এলাকার এক নম্বর গলিতে কবির মাস্টারের বাড়িতে ভুক্তভোগী নারী একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়ে থাকতেন। 

গত ২২ আগস্ট দিবাগত রাতে স্থানীয় সন্ত্রাসী মফিজ (৪০) নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই ফ্ল্যাটে গিয়ে নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন সেখানে গিয়ে ধর্ষণ চেষ্টায় বাধা প্রদান করেন।

ক্ষিপ্ত হয়ে মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে তাকে চার তলার ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী ফতুল্লা মডেল থানায় ধর্ষণ চেষ্টা এবং মামুনকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। র‌্যাব অভিযান চালিয়ে এজাহারনামীয় তৃতীয় আসামি নুর ইসলামকে গ্রেফতার করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত