গভীর রাতে শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ-স্লোগান

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৫২ এএম

রাজধানীর শাহবাগে রাতভর আন্দোলনের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সড়ক অবরোধ করেন। 

তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা জানান, রাতে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্রথমে শাহবাগে অবস্থান নেন। পরে তিন দফা দাবির পক্ষে স্লোগান দিতে দিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন এবং দু’পাশের সড়ক বন্ধ করে দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবিগুলো পূরণের বিষয়ে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা স্থান ত্যাগ করবেন না।

সম্প্রতি ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা ইস্যুতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন এবং তিনটি দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের ৩ দাবি

১. নবম গ্রেডে বিদ্যমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শতভাগ কোটা বাতিল করে তা সবার জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না। আইন লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্থা নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত