পাকিস্তান সরকার করাচি থেকে লাহোর পর্যন্ত উচ্চগতির বুলেট ট্রেন চালুর পরিকল্পনা জানিয়েছে। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে করাচি থেকে লাহোর যাত্রায় যেখানে প্রায় বিশ ঘণ্টা লাগে, বুলেট ট্রেনে সময় লাগবে মাত্র পাঁচ ঘণ্টা। নতুন এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে চলবে এবং এর প্রধান স্টেশন হবে হায়দরাবাদ, মুলতান ও সাহিওয়াল।
প্রকল্পটি এমএল-১ (মেইন লাইন-১) রেলপথ উন্নয়ন কর্মসূচির অংশ, যা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) উদ্যোগের অন্তর্ভুক্ত। প্রায় ছয় দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই অবকাঠামো প্রকল্পে ডুয়েল ট্র্যাক, নতুন সেতু এবং আধুনিক সিগন্যালিং সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষের ধারণা, বুলেট ট্রেন চালু হলে শুধু যাত্রী পরিবহনেই নয়, মালবাহী পরিবহনেও বিপুল পরিবর্তন আসবে। বর্তমানে রেলপথে যেখানে চার শতাংশ মালবাহী পরিবহন হয়, তা ২০৩০ সালের মধ্যে বেড়ে দাঁড়াবে প্রায় বিশ শতাংশে।
এ উদ্যোগ বাস্তবায়নের সময় হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও কর্মকর্তারা আশা করছেন। এছাড়া রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় ব্যয়বহুল সড়ক পরিবহনের ওপর চাপ কমবে এবং জ্বালানি আমদানির খরচ সাশ্রয় হবে।
বনানীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
রাজধানীর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট