নিষিদ্ধ মাঠেই ম্যাচ খেলবেন জামালরা

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম

সেপ্টেম্বরের ৬ ও ৯ তারিখ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ার বাংলাদেশ। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আবারও স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য অযোগ্য ঘোষণা করেছে। এই ম্যাচে অবশ্য হামজা চৌধুরী ও শমিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

২০২৩ সালের ১৭ নভেম্বর ইয়েমেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ছিল দশরথে সর্বশেষ ফিফা বা এএফসি স্বীকৃত প্রতিযোগিতা। এরপর থেকেই মাঠটি আন্তর্জাতিক সূচি থেকে বাদ। তবে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলো দশরথে আয়োজনের জন্য আবেদন করেছিল অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।

কিন্তু এএফসি সেই আবেদন নাকচ করে দিয়েছে। ফলে আসরটিতে ভিয়েতনাম (১৪ অক্টোবর) ও মালয়েশিয়ার (১৮ নভেম্বর) বিপক্ষে নেপালের হোম ম্যাচগুলো আর দশরথে অনুষ্ঠিত হবে না। খেলতে হবে কোনো নিরপেক্ষ ভেন্যুতে। তবে প্রীতি ম্যাচ হওয়ায় বাংলাদেশ এই মাঠেই নামবে নেপালের বিপক্ষে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত